
সুন্দরবন রক্ষায় ম্যানগ্রোভ লাগানোর পরিবর্তে নদীর চরে গাছের ভাঙা ডাল পোঁতার অভিযোগে চাঞ্চল্যছড়িয়েছে ।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের বকচোরা নদীর ধারে একটি গ্রুপ একটি সংস্থার কাছ থেকে ম্যানগ্রোভ লাগানোর বরাদ্দ নিয়েছিল। শুক্রবার সকালে ভাটার সময় আচমকাই দেখা যায় নদীর চরের বড় গাছের ভাঙা ডাল বিভিন্ন জায়গায় পোঁতা রয়েছে। সেখানে ম্যানগ্রোভ লাগানোর কথা। অভিযোগ, সেই ছবি তুলে সংস্থাকে দেখানো হয়েছে। বিষয়টি সামনে আসার পর গ্রামের প্রচুর মহিলা জড়ো হয়ে বিক্ষোভ দেখিয়েছেন। অন্যদিকে, অভিযুক্ত গ্রুপের মহিলাদের দাবি অভিযোগকারী মহিলারা কাজ না পাওয়ায় নিজেরা গাছের ডাল লাগিয়ে মিথ্যে দোষারোপ করছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সুন্দরবন রক্ষায় লক্ষ লক্ষ ম্যানগ্রোভ লাগানো চলছে কোন নদীর চরে। কোথাও সরকারিভাবে কোথাও সংস্থাগতভাবে ম্যানগ্রোভ লাগানোর কাজ চলেছে। এবার ম্যানগ্রোভ লাগানো নিয়ে শুরু হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ। স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, এটি কোনও সরকারি কাজ নয়। জনকল্যাণ নামক একটি সংস্থা এই কাজ করাচ্ছে। প্রকৃত কি সমস্যা হয়েছে তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।
