
যে স্কুলে চাকরি করতেন, সেখানেই সসম্মানে ফেরত যেতে চান। এই শর্তেই নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে যাবেন চাকরিহারারা শিক্ষক শিক্ষিকারা।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেকথা জানিয়ে চাকরিহারা ঐক্যমঞ্চের তরফে বলা হয়েছে যে কোনও মূল্যে চাকরি বহাল রাখতে হবে। টাকা দিয়ে চাকরি পাননি, তাই চাকরির জন্য আর কোনও পরীক্ষায় তাঁরা বসবেন না। মুখ্যমন্ত্রীর কোনও ভাতায় মানবেন না। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেছেন নেতাজি ইন্ডোরে একজনও অযোগ্য ব্যক্তি যোগ দিলে ঝামেলা বাধবে। তৎক্ষণাৎ তাঁরা বৈঠক ছেড়ে বেরিয়ে যাবেন। রাজ্য সরকারের দুর্নীতির কারণেই তাঁদের এই অবস্থা। প্রথমেই যদি যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা হত তাহলে তাদের এদিন দেখতে হত না। সব রাজনৈতিক দলকেই আক্রমণ করে তাঁরা বলেছেন চাকরি বাতিলের পর মরা-কান্না কাঁদছে রাজনৈতিক দলগুলো।
সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায় তাঁদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। চাকরি বহাল না থাকলে গণআত্মহত্যার হুঁশিয়ারিও দিয়েছেন চাকরিহারারা।
