
লোকসভা ভোটে বিপর্যয়ের পরই কার্যত সম্মুখসমরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য।
সূত্রের খবর, দিল্লিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন কেশব মৌর্য। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি বীরেন্দ্র চৌধুরীও।সূত্রের খবর জেপি নাড্ডার কাছে কেশব প্রসাদ মৌর্য দাবি জানিয়েছেন, রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতৃত্বের উচিত উত্তরপ্রদেশে মনোনিবেশ করা। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে দলের সংগঠনে বড় রদবদলের দাবি জানিয়ে এসেছেন কেশব মৌর্য। তাতে সায় দিয়েছেন উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি বীরেন্দ্র চৌধুরীও। একই সঙ্গে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভাতেও রদবদলের দাবি জানিয়েছেন তিনি। যদিও মুখ্যমন্ত্রী পদে বদল নিয়ে কোনও আলোচনা হয়নি।কয়েক দিন আগে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য প্রকাশ্যেই বলেছিলেন, সবসময় মনে রাখতে হবে সরকারের থেকে বেশি গুরুত্বপূর্ণ সংগঠন।
