রথযাত্রা উপলক্ষ্যে সেজে উঠেছে দিঘা। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর সৈতকশহরে প্রথমবার রথের চাকা গড়াবে। রথযাত্রার ব্যবস্থাপনা এবং ভিড় নিয়ন্ত্রণ নিয়ে মন্ত্রী এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৃহস্পতিবার তারই প্রস্তুতি বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার অন্যান্য প্রশাসনিক শীর্ষ কর্তারা। বুধবারই মুখ্যমন্ত্রী দিঘায় পৌঁছেছেন। প্রস্তুতি বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন নিমকাঠের জগন্নাথদেবের মূর্তি দর্শন করা যাবে শুক্রবার সকাল সাড়ে ১টার পর। এরআগে পুজো পাঠ করবেন পুরোহিতরা। রাতেই মন্দিরের সামনে রথ নিয়ে আসা হবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ রথযাত্রা শুরু হবে। কিন্তু রাস্তায় লোক থাকবে না। লোক থাকবে রাস্তার দু’ধারে ব্যারিকেডের বাইরে। যাতে পদপিষ্টের ঘটনা এড়ানো যায়। তিনি আরও জানিয়েছেন রথ কিছুটা এগোবে, কিছুক্ষণ থামবে, আবার এগোবে। এইভাবে পৌনে এক কিলোমিটার দূরে মাসির বাড়ি পৌঁছবে। রাস্তার ধার থেকে মানুষজন জগন্নাথ, বলরাম, শুভদ্রাকে দর্শন করতে পারবেন। রথের দড়িও স্পর্শ করতে পারবেন। যেহেতু ব্যারিকেডের সঙ্গে ছোঁয়ানো থাকবে রথের দড়ি। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মন্দির উদ্বোধনের পর থেকেই ভিড় বেড়েছে দিঘায়। প্রশাসন মনে করছে রথযাত্রার দিন প্রায় ২ লাখ পুণ্যার্থী ভিড় জমাতে পারেন দিঘায়। তাই কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সবরকম প্রস্তুতি খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী।
গ্রাম থেকে শহর
News & Much More





