
আগের কর্মসূচির উদ্যোক্তারা এ বারও কলকাতা ছাড়িয়ে রাজ্যের অন্যান্য প্রান্তে রাত দখল করার আহ্বান জানিয়েছেন। এ বার কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর। রবিবারই আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নামছেন টলিউডের শিল্পী এবং কলাকুশলীরা।
বিকেল ৫টায় টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করবেন তাঁরা। রাস্তাকেই ক্যানভাস হিসাবে ব্যবহার করে ছবি আঁকার মাধ্যমে প্রতিবাদের ডাক দিয়েছে যাদবপুর আর্টিস্ট ফোরাম। রবিবার রাত ৯টা থেকে গড়িয়া মোড়, গাঙ্গুলিবাগান মোড়, বাঘাযতীন মোড়, সুকান্ত সেতু এবং ৪৫ বাইপাস কানেক্টরে লিখে এবং এঁকে প্রতিবাদ জানাবেন শিল্পীদের একাংশ। সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে যোগদানের আহ্বান জানানো হয়েছে। কর্মসূচিটির পোস্টারে শিরোনাম হিসাবে লেখা হয়েছে, মুছবি যত, আঁকব তত। রাত দখলের পাশারাশি সোমবার ভোর দখলও হচ্ছে কলকাতায়। সকাল ৬টায় ক্যান্টিন আর্ট কালেক্টিভ-এর মেয়েরা অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে নাটকের মাধ্যমে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ জানাবেন। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, রবিবার রাত থেকেই শুরু হবে মেয়েদের থিয়েটার। আর জি কর-কাণ্ডের এক মাস পূর্তিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শ্যামবাজার, ঢাকুরিয়া, যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ডের সামনে অবস্থান কর্মসূচি চলবে। আর জি কর-কাণ্ডে দ্রুত বিচার চেয়ে পথে নামছেন রিকশাচালকেরা। বিকেল ৪টেয় হেদুয়ায় শুরু হবে মিছিল। যাবে কলেজ স্ট্রিট পর্যন্ত। কর্মসূচির নাম দেওয়া হয়েছে তিলোত্তমার বিচারের দাবিতে রিকশা-শ্রমিকদের মিছিল।
