
রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।শনিবার কলকাতা-সহ দক্ষিণের সব ক’টি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে।এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে।
রবিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর। তবে পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ পশ্চিমের জেলাগুলিতে রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে বীরভূম, দুই বর্ধমান, মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। সোমবার কেবল পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের জন্য বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা থাকলেও তেমন সতর্কতা জারি করা হয়নি।উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, তা এখন উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা পশ্চিমে ঝাড়খণ্ডের দিকে আরও সরবে। এছাড়া, মৌসুমি অক্ষরেখা রাজস্থান থেকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।নিম্নচাপ অঞ্চলের মধ্যে দিয়ে ওই অক্ষরেখা চলে গিয়েছে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে এখনও।বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমেছে।
