রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে গরমে অস্বস্তি, তাপপ্রবাহও

0
195
Uncomfortable heat heat wave in South Bengal till Sunday
Uncomfortable heat heat wave in South Bengal till Sunday
রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র গরমের অস্বস্তি বজায় থাকবে।এমনটাই পূর্বভাস আলিপুর আবহাওয়া দফতরের।
শুক্রবার আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে  আরও বাড়তে পারে তাপমাত্রা। বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে শনিবার এবং রবিবার তাপপ্রবাহ হতে পারে। এছাড়াও, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় আগামী কয়েকদিন অস্বস্তিকর গরমের আবহাওয়া থাকবে। তবে সোমবার থেকে হতে পারে স্বস্তির বৃষ্টি। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টি চলবে। তবে সেই সঙ্গে থাকবে গরমও।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৩ মে-র মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। সেখান থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। নিম্নচাপ যদি তৈরি হয়, তা ঘনীভূত হয়ে উত্তর এবং উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে বৃষ্টি হতে পারে গাঙ্গেয় বঙ্গে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও গরমের পাশাপাশি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার এবং শনিবার বৃষ্টি হতে পারে শুধু দার্জিলিং এবং কালিম্পঙে। বাকি জেলায় গরমের অস্বস্তি বজায় থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শনিবার তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। রবিবার থেকে বৃষ্টি হবে। বৃষ্টি বেশি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।