
নিজের লেখা বই উদ্বোধন করে রাজভবনে ক্রিসমাস ফেস্টিভ্যালের সূচনা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল দেশ আর রাজ্যের মঙ্গল কামনা করার পাশাপাশি সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।
ক্রিসমাস ফেস্টিভ্যালের জন্য আলোর মালায় সেজে উঠেছে রাজভবন, ব্যাকগ্রাউন্ডে ক্রিসমাস থিম। অনুষ্ঠানে আর্চবিশপ থমাস ডিসুজা শান্তির বার্তা আর মানবজাতির মঙ্গলের প্রার্থনা করেছেন। কচিকাঁচাদের নাচ, গান , কবিতা পাঠে ভরেছে অনুষ্ঠান। কার্মেল স্কুলের শিক্ষার্থীদের আমন্ত্রণ করা হয়েছিল ক্রিসমাস অনুষ্ঠানে নানান পারফরম্যান্সের জন্য। এদিকে, কলকাতার বো ব্যারাকে বড়দিনের উদযাপন শুরু হয়ে গিয়েছে। সেখানকার স্থানীয় বাসিন্দারা বড়দিনের আগেই মাতোয়ারা হয়ে উঠেছে বড়দিনের আনন্দে। আলোর মালায় সেজে উঠেছে গোটা বো বারাক। অন্যদিকে, বড়দিন উপলক্ষে সেজে উঠেছে সমুদ্র নগরী দিঘা ৷ ভিড় বাড়ছে রাজ্যের এই জনপ্রিয় সমুদ্র সৈকতে ৷
ক্রিসমাস ও নববর্ষ উপলক্ষে দিঘার নানা স্থানে বসেছে বাতিস্তম্ভ, লাগানো হয়েছে নানা রঙের আলো,পার্কের গায়ে পড়ছে রঙের প্রলেপ সেজে উঠেছে ওল্ড দিঘার সৈকতাবাস সংলগ্ন বিশ্ব বাংলা উদ্যান ৷ সাজানো হয়েছে দিঘার জোড়া প্রবেশদ্বারকেও ৷






