
রাজভবনে থেকেও পশ্চিমবঙ্গ দিবসে নেই রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করল রাজভবন।
অথচ সেই অনুষ্ঠানে রাজভবনে উপস্থিত থাকা সত্ত্বেও অনুষ্ঠান কক্ষেই এলেন না রাজ্যপাল। বদলে ভিডিও বার্তা দিয়েছেন। প্রশ্ন উঠছে রাজ্য সরকারের সংঘাত এড়াতেই রাজ্যপাল এই অনুষ্ঠানে উপস্থিত হননি। ২০ জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হলেও রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পয়লা বৈশাখ। কেন্দ্রের নিয়ম মেনে রাজ্য দিবস পালন করা হয় ২০ জুন। সেখানে জাতীয় সঙ্গীতের পর রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গানটি বাজানো হয়। নিয়ম অনুযায়ী এই গান বাজানোর সময় উঠে দাঁড়াতে হয়। কিন্তু অতিথিরা উঠে দাঁড়াননি। এই নিয়ে দ্বিতীয়বার রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় রাজভবনে। এই বছরই রাজ্য সরকারের তরফে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবসের স্বীকৃতি দেওয়া হয়েছে। অন্যদিকে গত কয়েক বছর ধরে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা আসছে। অন্যদিকে বিজেপির উদ্যোগে রেড রোডে পালন করা হয়েছে পশ্চিমবঙ্গ দিবস। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
