
বরানগর ও ভগবানগোলা উপনির্বাচনে জয়ী তৃণমূল বিধায়কদের শপথ নিয়ে এ বার নতুন জটিলতা। রাজভবন-র তরফে এক্স হ্যান্ডেলে ও জয়ী প্রার্থীদের ইমেল মারফত তিন পাতার চিঠিতে জানানো হয়েছে, বিধায়কদের শপথ নিয়ে শেষ কথা বলবেন রাজ্যপাল সিভি আনন্দ বোসই।
সংবিধানেই সে কথা বলা আছে। চিঠিতে রাজ্যপাল উল্লেখ করেছেন, বুধবারই রাজভবনে এসেই তাঁদের শপথ নিতে হবে। শুধু তাই নয়, চিঠিতে উল্লেখ রয়েছে শপথবাক্য পাঠ নিয়ে সুপ্রিম কোর্টে রায়ও। তবে এ দিনের চিঠিতেও কিন্তু কোথাও উল্লেখ নেই রাজভবনে কে নব নির্বাচিত প্রার্থীদের শপথ বাক্য পাঠ করাবেন। তবে থরে থরে লেখা ছিল মুখ্যমন্ত্রী সহ আর কে কে রাজভবনে শপথ নিয়েছেন। গত কয়েকদিন ধরেই ভগবানগোলা এবং বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী রায়াত হোসেন সরকার ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিধায়কদের শপথ নিয়ে টানাপড়েন চলছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। মঙ্গলবার আবার জবাব এল রাজভবনের তরফ থেকে।
