
রাজ্যের দেওয়া তালিকা থেকেই তাঁকে ছ’জন যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ করতে হবে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সি ভি আনন্দ বোসকে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের বক্তব্যকে যুযুধান নবান্ন এবং রাজভবন দু’ভাবে ব্যাখ্যা করেছে। আর শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সুপ্রিম কোর্টে রাজ্যপালের হয়ে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমণি জানিয়েছেন, রাজ্যপাল ইতিমধ্যেই ছ’টি নামে অনুমোদন দিয়েছেন। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ বলেছে, এই ছ’জনকে অবিলম্বে নিয়োগ করা হোক।একসপ্তাহের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত।রাজ্য সরকারের অধীন ৩১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাকি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জন্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে রাজ্যপালের কাছে বাছাই করা কিছু নামের তালিকা পাঠাতে বলেছে। উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে রাজভবন বনাম নবান্নের বিবাদ চলছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা আশাপ্রকাশ করেছেন, তৃণমূল কংগ্রেস সরকারের দেওয়া নতুন তালিকা থেকে রাজ্যপাল আরও কয়েকজনকে উপাচার্য নিয়োগ করতে পারবেন। যে সব বিশ্ববিদ্যালয় বাকি থাকবে, সেগুলির জন্য সুপ্রিম কোর্ট একটি সার্চ কমিটি গড়তে পারে। এই মামলার অন্যতম আইনজীবী জয়দীপ মজুমদার জানিয়েছেন, মামলার পরবর্তী শুনানি ৩০ এপ্রিল।







