
রাজ্যের ষষ্ঠদফার ভোটের প্রস্তুতি তুঙ্গে। মঙ্গলবার রাজ্যের ৮ লোকসভা আসনে রয়েছে নির্বাচন।
মূলত আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলে এই ভোট হবে। ডিসিআরসি থেকে ইভিএম, প্রয়োজনীয় নথি নিয়ে ভোটকর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন বুথে পৌঁছতে শুরু করেছেন। ষষ্ঠ দফায় ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানা গেছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বুথের নিরাপত্তার দায়িত্বে থাকছে ২৯ হাজার ৪৬৮ রাজ্য পুলিশ।বিগত দফায় পশ্চিমবঙ্গে ভোট পর্যবেক্ষণের পর এমনই সিদ্ধান্ত নিয়েছে নির্বচন কমিশন । অবাধ ও সুষ্টু নির্বাচনের লক্ষ্যে প্রথম থেকেই কড়া নিরাপত্তা বলয়ে মধ্যে ভোট গ্রহণ চলেছে। কমিশন সূত্রের খবর, বাঁকুড়ায় ১৭৮ কোম্পানি, ঝাড়গ্রামে ১৩৩, পশ্চিম মেদিনীপুরে ২১৮,পূর্ব মেদিনীপুরে ২৩৭, পূর্ব বর্ধমানে ১৬, পুরুলিয়ায় ১৩৭ কোম্পানি বাহিনী থাকবে। রাজ্য পুলিশ থাকছে বাঁকুড়ায় ৬ হাজার ৫২১ জন, ঝাড়গ্রামে ২ হাজার ৪৩৬ জন, পশ্চিম মেদিনীপুরে ৬হাজার ৯০১, পূর্ব মেদিনীপুরে ৭১৪, পূর্ব বর্ধমানে ৭ হাজার ৪৩২, পুরুলিয়ায় ৫হাজার ৪৬৪ জন। রক্তক্ষয় বন্ধ করে ভোটারদের বুথমুখি করাই কমিশনের লক্ষ্য। বাঁকুড়া জেলা নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার রানীবাঁধ, রাইপুর ও তালডাংরা বিধানসভা এলাকার ডিসিআরসি কেন্দ্র খোলা হয়েছে খাতড়া আদিবাসী মহাবিদ্যালযে এখান থেকেই ভোট সামগ্রী নিয়ে নির্দিষ্ট ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভোট কর্মীরা। ভোট কেন্দ্রগুলিতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।








