রাজ্যে বজ্রপাতে মৃত অন্তত ৯, শোকবার্তা মুখ্যমন্ত্রীর 

0
190
At least 9 dead due to lightning in the state Chief Ministers condolence message
At least 9 dead due to lightning in the state Chief Ministers condolence message

সোমবার সন্ধ্যার কালবৈশাখীতে রাজ্যে বজ্রপাতে অন্তত ন’জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্যে কালবৈশাখীর ফলে বজ্রপাতের জেরে ৯ জনের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।

তিনি আরও লিখেছেন সোমবার রাতে বজ্রপাতের কারণে পূর্ব বর্ধমানে মৃত্যু হয়েছে ৫ জনের, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় ২ জনের, নদিয়ার প্রাচীর ধসে আরও ২ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় গাছ ধসে আরও ১ জন মারা গেছে। তবে জেলা প্রশাসন সর্বত্র তৎপরতার সঙ্গে কাজ করছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবারের কালবৈশাখীর পর কলকাতায় স্বাভাবিকের ৫ ডিগ্রি নিচে নামল পারদ। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি চলবে। সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় ১১টি জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। জেলাগুলি হল দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূম। এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।  মঙ্গলবার সারা দিনে কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে। শুক্রবার থেকে বৃষ্টি কমে আসতে পারে। এই সময় সমুদ্র উত্তাল থাকতে পারে। তাই মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।