
রায় পছন্দ না হওয়ায় এবার ডায়মন্ডহারবারে বিচারকদের আবাসনেই দুষ্কৃতী হামলা অভিযোগ। এই হামলার পিছনে পুলিশ অফিসারের হাত রয়েছে বলে মনে করছেন বিচারকরা।
শিশুদের যৌননিগ্রহের মামলার রায় পছন্দ না হওয়ায় এই হামলা বলে সন্দেহ বিচারকদের। বিদ্যুতের লাইন কাটতে আবাসনে জোর করে ঢোকার চেষ্টা করে দুষ্কৃতীরা। বাধা দিতেই মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ডায়মণ্ড হারবার পুলিশে কোনও ভরসা নেই, চিঠি লিখে দক্ষিণ ২৪ পরগনা জেলা জজকে অভিযোগ জানিয়েছেন ডায়মণ্ড হারবার আদালতের বিচারকদের। পরিবার নিয়ে নিরাপদ বোধ করছেন না বলে চিঠিতে লিখেছেন বিচারকরা। দুষ্কৃতীদের কাছে অস্ত্র থাকতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। সেই চিঠি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে পাঠানো হয়েছে। ডায়মণ্ড হারবার সাব ডিভিশন আদালতের ৩ বিচারক অভিযোগ করেছেন ৮ তারিখ তাদের আবাসনে হানা দেয় দুষ্কৃতীরা। জোর করে আবাসনে ঢোকার চেষ্টা করে। যদিও নিরাপত্তারক্ষীরা তাদের আটকে দেয়। এদিকে জেলা জজকে বিচারকদের চিঠির পরেই নড়েচড়ে বসে ডায়মণ্ডহারবার পুলিশ। নিরাপত্তা বাড়ানো হয়েছে বিচারকদের আবাসনে। শোকজ করা হয়েছে পুলিশ অফিসারকে।
