
সভা, পদযাত্রার ফাঁকে রেমাল বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনা পরিদর্শন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রেমাল তাণ্ডবে কোথাও ভেঙেছে বাধ, কোথাও ভেঙে গিয়েছে কাঁচা বাড়ি। চাষের জমিতে নোনা জল ঢুকে বিঘের পর বিঘে জমি নষ্ট হয়েছে।
রেমালের তাণ্ডবে কার্যত বিপর্যস্ত হযে পড়ে দক্ষিণ ২৪ পরগনা। মৃত্যুও হয় তিনজনের। আগের থেকেই মানুষকে নিরাপদ স্থানে সরিযে নিয়ে যাওয়ায় অনেকটাই বিপদ এড়ানো গিয়েছে। কপ্টারে চড়ে আকাশপথে সেইসব ক্ষয়ক্ষতি সরেজমিনে খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মুখ্যমন্ত্রীর রেমাল বিধ্বস্ত এলাকা পরিদর্শনের মধ্যেই মহেশতলায় জল জমে থাকার কারণে পথে নেমেছেন বাসিন্দারা। দুর্যোগ কেটে গেলেও মহেশতলার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দুর্ভোগ কাটেনি। রাস্তায় নোংরা জল পেরিয়ে কাজে যেতে হচ্ছে। পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। বুধবার সকাল থেকেই পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন বাসিন্দারা।
