
রেল কর্তৃপক্ষের গাফিলতিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ তুলে স্টেশন মাস্টারকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা ও মৃতের পরিবার। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বড়গাছিয়া স্টেশন চত্বরে।
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যার সময় আমতা হাওড়া লোকাল ট্রেন ডাসী স্টেশনে ঢোকার সময় এক যাত্রী পোস্টে ধাক্কা খেয়ে লাইন ধারে ছিটকে পড়ে যান। রেল যাত্রীদের অভিযোগ দীর্ঘক্ষণ রেল লাইনের পাশে পড়ে থাকার পরেও কোন রকম সাহায্য পাননি ওই ব্যক্তি। তারপরে সাতটা পাঁচ নাগাদ হাওড়ার দিক থেকে আমতার দিকে যাওয়ার সময় একটি লোকাল ট্রেন ডাসী স্টেশনে দাঁড়ায়। সেই ট্রেনের যাত্রীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে ট্রেনে করে বড়গাছিয়া স্টেশনে নিয়ে আসে। সেখানে ট্রেন প্রায় কুড়ি মিনিট দাঁড়ায়। সেখানেও কোনরকম রেল কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে সাহায্য করেনি। তারপরেই রেল যাত্রীরা বড়গাছিয়া স্টেশন চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন। রেল যাত্রীদের দাবি সঠিক সময়ে রেল কর্তৃপক্ষ যদি ওই ব্যক্তিকে সাহায্য করতেন তাহলে হয়তো ওই ব্যক্তি প্রাণে বেঁচে যেতেন।








