
থানার লকআপে যুবককে পিটিয়ে মারার অভিযোগে রণক্ষেত্র মহেশতলার রবীন্দ্রনগর। এরপরই দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত রবীন্দ্রনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান উন্মত্ত জনতার।
থানার ব্যারাকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে উত্তেজিত জনতার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত ১১টা নাগাদ পাম্প চুরির অভিযোগে দুই জন যুবককে গ্রেফতার করেছিল রবীন্দ্রনগর থানা। এরপর পুলিশ লক আপ থেকেই দুই ধৃতের মধ্যে একজনকে আহত অবস্থায় নিকটবর্তী নাদিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয়েছে কুরবান শেখ নামে বছর ২৮ এর ওই যুবকের। আর এই মৃত্যুর খবর চাউর হতেই সোমবার সন্ধেয় স্থানীয়রা রাস্তায় টায়ার জ্বালিয়ে রবীন্দ্রনগর থানা ঘেরাও করে। তাঁদের দাবি, পুলিশের মারেই মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী নামে। ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি।
