
লটারি প্রতারণা মামলায় কলকাতা, চেন্নাই-সহ ২০ জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় ৯ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি।
চলতি বছরেই লটারি ব্যবসায়ী সান্তিয়াগো মার্টিন দেশজুড়ে তোলপাড় ফেলে দেন। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত নির্বাচন কমিশনের তথ্যে দেখা গিয়েছিল, নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে পাঁচ বছরে সবচেয়ে বেশি চাঁদা দিয়েছিল তাঁরই সংস্থা ফিউচার গেমিং।তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-কে ৫০৯ কোটি এবং পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসকে ৫৪২ কোটি টাকা অনুদান দিয়েছে সান্তিয়াগোর লটারি সংস্থা। যা নিয়ে সেই সময় বিতর্ক তৈরি হয়েছিল। বন্ডের মাধ্যমে মোট ১ হাজার ৩০০ কোটি টাকারও বেশি চাঁদা দেওয়া সেই সান্তিয়াগো মার্টিনের সংস্থা ও সহযোগীদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের অন্তত ২০টি ঠিকানায় একযোগে তল্লাশি চালিয়েছে ইডি।৬০ হাজার কোটি টাকারও বেশি লটারি-দুর্নীতির তদন্তে এই তল্লাশি হয়েছে সান্তিয়াগো মার্টিন, তাঁর জামাই আধভ অর্জুন এবং তাদের সহযোগীদের সঙ্গে সম্পর্কিত ঠিকানাগুলিতে। পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ুর চেন্নাই ও কোয়েম্বত্তূর, হরিয়ানার ফরিদাবাদ এবং পাঞ্জাবের লুধিয়ানায় ইডি তল্লাশি চালিয়েছে।এখনও পর্যন্ত কলকাতায় তল্লাশি চালিয়ে ৩ কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা। পাশাপাশি দেশজুড়ে এই মামলায় মোট ৯ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
এর আগে অভিযোগ উঠেছিল, লটারির মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণা হয়েছে। আর এই প্রতারণার ঘটনায় প্রভাবশালী যোগেরও তত্ত্ব উঠে এসেছে।
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
