
বদলা মন্তব্যে তৃণমূলের বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সম্প্রতি লাভলি মৈত্র-র করা একটি বদলা মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল।
সেই মন্তব্যের জন্যই সোনারপুর দক্ষিণের বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক মামলাকারী। বুধবার আদালত লাভলির বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে শুক্রবার মামলাটির শুনানি হওয়ার কথা। গত সোমবার আর জি কর-কাণ্ডের প্রতিবাদে সোনারপুরে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ওই কর্মসূচিতে লাভলি বলেছিলেন, বদল তো ২০১১-তে হয়েছিল। ২০২৪-এ বদলা হবে। এর পরেই লাভলির মন্তব্যের বিরোধিতায় সরব হয় অন্য বিরোধী দলগুলিও। তবে তৃণমূল সূত্রে খবর, লাভলির ওই মন্তব্যকে প্রথম থেকেই সমর্থন করেনি তৃণমূল। বরং ওই মন্তব্যের জন্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে তাঁকে সতর্কও করা হয়।
