
লোকসভা ভোট মিটতে ১০ জুলাই রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। কলকাতার মানিকতলা, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ উপনির্বাচন হবে।
মানিকতলা কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডের ২০২২-র মৃত্যুর পর ভোট হয়নি। কারণ ওই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন। অন্যদিকে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী তৃণমূলে যোগ দিয়ে লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন। তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন। অন্যদিকে রায়গঞ্জের বিজেপির টিকিটে জয়ী কৃষ্ণকল্যাণী পরে তৃণমূলে যোগ দিয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনিও বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন। এদিকে গত বিধানসভা নির্বাচনে বাগদা থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিশ্বজিত্ দাস। বিধায়ক পদে ইস্তফা দিয়ে এবার বনগাঁ কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন। এই কেন্দ্রে ভোটের মনোনয়ন জমার শেষ তারিখ ২১ জুন। উপনির্বাচনের ফল ঘোষণা হবে ১৩ জুলাই। ৪ কেন্দ্রে উপনির্বাচন হলেও আরও বেশকিছু কেন্দ্রের বিধায়করা লোকসভা ভোটে জয় পাওয়ায় সেই আসনগুলোয ফাঁকা হয়েছে। হাড়োয়ার হাজি নুরুল, নৈহাটি কেন্দ্রে পার্থ ভৌমিক, সিতাইয়ের জগদীশচন্দ্র বসুনিয়া, তালডাংরায় অরূপ চক্রবর্তী, মাদারিহাটের মনোজ টিগ্গা, মেদিনীপুর কেন্দ্রে জুন মালিয়া, বালুরঘাট কেন্দ্রে সুকান্ত মজুমদার এবারে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছেন।
