
সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে প্রচুর বিদেশি অস্ত্র এবং প্রচুর বিস্ফোরকের সন্ধান মিলতেই ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি কমান্ডো এবং রোবট টিমকে কাজে লাগানো হয়েছে। সন্দেশখালির শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা আফিজুল খাঁয়ের ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়ি, সরবেড়িয়ার মল্লিকপুরে হঠাৎই শুক্রবার সকালে সিবিআইয়ের ৫টি টিম খবরের ভিত্তিতে তল্লাশি চালাতে যা বেড়িয়েছে তাতে নড়েচড়ে বসেছে নিরাপত্তা বিশেষজ্ঞরা।
নেতার একতলা বাড়ি লাগোয়া একটি মাটির ঘরে বাক্সবন্দি প্রচুর বিস্ফোরকের সন্ধান মিলতেই চক্ষু চড়কগাছ সিবিআই টিমের। ঘরের নীচে রীতিমত বাঙ্কার করে বাক্সবন্দি বিস্ফোরক আর দেওয়ালে সার দিয়ে সাজানো বিদেশি আগ্নেয়াস্ত্র। এরপরেই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আশপাশের ভেড়ি এলাকা থেকে লোকজন সরানোর পাশাপাশি তলব করা হয় উত্তরবঙ্গের এনএসজি কমান্ডোদের। খবর পেয়ে অত্যাধুনিক তল্লাশিযন্ত্র এবং রোবট নিয়ে হেলিকপ্টারে তড়িঘড়ি সন্দেশখালিতে পৌঁছয় এনএসজি কমান্ডোরা। সন্দেশখালির শেখ শাহজাহানের এলাকায় তল্লাশির সঙ্গে সঙ্গে ভেড়ির সমস্ত আলপথেও স্ক্যানার দিয়ে পরীক্ষা করছে এনএসজি কমান্ডোরা।








