
ছত্রপতি শিবাজীর মূর্তি ভেঙে পড়ার ঘটনায় এবার মহারাষ্ট্রে জুতো মারো কর্মসূচি পালন করেছে মহাবিকাশ আঘাড়ী। মুম্বইয়ের ফোর্ট এলাকার হুতাত্মা চক থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছেন শরদ পওয়ার, উদ্ধব ঠাকরেরা।
বিরোধীদের মিছিলের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে বিজেপিও পাল্টা কর্মসূচির ডাক দিয়েছে। জোড়া কর্মসূচির কারণে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সাধারণ পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে গেটওয়ে অফ ইন্ডিয়া। সাধারণ মানুষকে জুতো মারো কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মহাবিকাশ আঘাড়ীর নেতৃত্ব। উদ্ধবের শিবসেনা শিবির থেকে শরদ পওয়ার গোষ্ঠী শিন্ডে সরকারের বিরোধিতায় সরব। তাদের দাবি, শিবদ্রোহীদের কোনও ক্ষমা নেই। শিবাজির পাদদেশে আমজনতার একজোট হওয়া উচিত। প্রতিবাদের ভাষা আরও একধাপ জোরাল করে এনসিপির বার্তা, শিবাজির বিরোধী দুর্নীতিগ্রস্তদের ক্ষমা নেই। কংগ্রেস বলেছে, শিবাজীকে অপমান করে যারা এমন মূর্তি বানিয়েছে তাদের উচিত শিক্ষা দিতেই জুতো মারো মিছিল।









