
বিভীষিকাময় যাত্রার সমাপ্তি শেষে রেলের দেওয়া সময়ের ২০ মিনিট আগেই শিয়ালদহে ঢুকেছে অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার রাত ৩টে ১৬ মিনিটে ট্রেনটি শিয়ালদহে পৌঁছয়।
স্টেশন যাত্রীদের জন্য অপেক্ষা করছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সঙ্গে ছিলেন শিয়ালদহের ডিআরএম দীপক নিগম এবং রেলের অন্যান্য আধিকারিকও। যাত্রীরা ট্রেন থেকে নামার পর তাঁদের সঙ্গে কথা বলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। যাত্রীদের সঙ্গে কথা বলেন রেল আধিকারিকেরাও। কোনও যাত্রীর শারীরিক কোনও সমস্যা হচ্ছে কি না সে বিষয়েও খোঁজ নেন তারা। শিয়ালদহে পৌঁছনোর পর যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় খাবার এবং জলের বোতল। এরপরই রাজ্যের বিশেষ সরকারি বাস ও একাধিক ছোট গাড়ি করে যাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।








