
শুক্রবার সকালে শিয়ালদা ইএসআই হাসপাতালে ভয়াবহ আগুনে মৃত্যু হয়েছে ১জনের। আহত হয়েছেন একাধিক। দমকলের ১০ ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
আগুন লাগার খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। জানা গিয়েছে, ভোর ৫ টা নাগাদ হাসপাতালের দোতালা থেকে ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা।
দমকলে খবর দিয়ে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করে। এরপর দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভোরে যখন হাসপাতালে আগুন লাগে, তখন অনেকেই ঘুমিয়ে ছিলেন। এই পরিস্থিতিতে অধিকাংশ রোগীকেই নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিছু রোগীকে মানিকতলা ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানানো হয়েছে। উত্তম বর্ধন নামে এক রোগীর ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
ছবি সৌজন্যে : নিজস্ব
