
শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ।
পুলিশ সূত্রে খবর ধৃত আমন ঘোষ ওরফে মনোজ কেজিএফ গ্যাংয়ের অন্যতম সদস্য। অভিযুক্ত রামকৃষ্ণ মিশনে হামলা-সহ একাধিক অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে মনোজ সরাসরি জড়িত। রামকৃষ্ণ মিশনের গত শনিবারের ঘটনায় এখনও পর্যন্ত মোট ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো এবং শ্যামল বৈদ্য ভক্তিনগর এলাকার বাসিন্দা। অন্য এক ধৃত মাটিগাড়া থানার অন্তর্গত শিবমন্দির এলাকার বাসিন্দা রাজীব বসাক। যদিও, এখনও অধরা মূল অভিযুক্ত প্রদীপ রায়। পুলিশ জানিয়েছে, তাঁর খোঁজ চলছে।
