শুরু ভোট গণনা, নজরে বাংলার প্রার্থীরা 

0
219
Counting of votes begins candidates of Bengal in focus
Counting of votes begins candidates of Bengal in focus

অষ্টাদশ লোকসভার ফলাফলের গণনা শুরু হতেই সারা দেশের পাশাপাশি নজর থাকবে বাংলার দিকেও। রাজ্যের ৪২টি আসনের মোট ৫০৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে মোট ৫৫টি গণনাকেন্দ্রে।

মোট ৮০ হাজার ৫৩০টি বুথের ইভিএম এবং ৩ লক্ষ ৩৭ হাজার ৯৮১টি পোস্টাল ব্যালট গণনা করা হবে। গোটা পর্বকে ঘিরে থাকছে নজিরবিহীন নিরাপত্তা। নির্বাচন কমিশন জানিয়েছে, গড়ে মোট ১৭ রাউন্ড ভোট-গণনা হওয়ার কথা। সবচেয়ে বেশি, ২৩ রাউন্ড হবে শীতলকুচি ও দিনহাটায়। সবচেয়ে কম ৯ রাউন্ড চোপরা বিধানসভায়। প্রতিটি টেবিলে বসবেন একজন সুপারভাইজার, একজন গণনা সহায়ক এবং একজন মাইক্রো অবজারভার। শুধু পর্যবেক্ষকরাই গণনাকেন্দ্রের মধ্যে মোবাইল ব্যবহার করতে পারবেন। এছাড়া কোনও লোকসভা আসনের সব গণনা-টেবিলে যাওয়ার অনুমতি দেওয়া হবে একমাত্র সংশ্লিষ্ট প্রার্থী ও তাঁর নির্বাচনী এজেন্টদের। গণনা এজেন্টরা নির্দিষ্ট নম্বরের টেবিল ছাড়া অন্যত্র যেতে পারবেন না। গণনাকেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি হয়েছে ১৪৪ ধারা। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। প্রথম পর্যায়ে রয়েছে লাঠিধারী ও এএসআই পদমর্যাদার পুলিশ। দ্বিতীয় পর্যায়ে সশস্ত্র রাজ্য পুলিস এবং তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী। মোট ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ২৫২৫ জন রাজ্য পুলিসকে নিরাপত্তার কাজে মোতায়েন করা হয়েছে।