
প্রজ্জ্বল রেভান্নার সেক্স টেপ সংক্রান্ত ভিডিয়োর মামলায় কর্ণাটকের বিজেপি নেতা দেবরাজ গৌড়াকে গ্রেফতার করেছে পুলিশ। মামলায় দায়িত্বপ্রাপ্ত বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট দেবরাজ গৌড়াকে গ্রেফতার করে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
সিট জানিয়েছে, দেবরাজের বিরুদ্ধে এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। এপ্রিলের শেষপর্বে প্রজ্বলের যৌন কুকীর্তির হাজার তিনেক ভিডিয়ো ভরা একটি পেন ড্রাইভ প্রকাশ্যে এনেছিলেন কর্নাটকের হাসন জেলার বিজেপি নেতা দেবরাজ। তিনি অভিযোগ করেন, গত পাঁচ বছর ধরে হাসনের সাংসদ প্রজ্জ্বল কয়েক হাজার মহিলাকে ধর্ষণ এবং যৌন নির্যাতন করে সেই ভিডিয়ো নিজেই তুলে রাখতেন। দেবরাজের অভিযোগ ছিল, প্রজ্বলকে মদত দিয়েছেন তাঁর বাবা তথা দেবগৌড়ার পুত্র এইচডি রেভান্নাও। এইচডিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল। তাঁর বিরুদ্ধে ছেলের যৌন নির্যাতনে মদত দেওয়া এবং মহিলাদের অপহরণের অভিযোগ আনা হয়েছে। ঘটনার পরেই অবশ্য দেশ ছাড়েন দেবগৌড়ার নাতি। কর্নাটকে এখন বিজেপির সহযোগী জেডিএস। ফলে দেবগৌড়া পরিবারের পাশাপাশি কংগ্রেস নিশানা করেছে বিজেপিকে।








