
সংঘ কখনও সংরক্ষণের বিরোধিতা করেনি।এমনই মন্তব্য রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। রবিবার হায়দরাবাদে এক অনুষ্ঠানে মোহন ভাগবত বলেছেন, সংরক্ষণ নিয়ে আরএসএসের বিরোধিতা করে কিছু ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
যেখানে বলা হচ্ছে, আরএসএস সংরক্ষণের বিরোধী, কিন্তু প্রকাশ্যে একথা বলে না। তিনি স্পষ্টভাবে জানাতে চান, এই সব দাবি সম্পূর্ণরূপে অসত্য। সংঘ পরিবার সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্তের কখনও বিরোধিতা করেনি। এবং সংঘ মনে করে সংরক্ষণ ততদিন পর্যন্ত দেওয়া উচিত, যতদিন পর্যন্ত তা প্রয়োজন। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে মোহন ভাগবতের এই মন্তব্য নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ। যদিও কংগ্রেসের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সংরক্ষণের বিরোধী আরএসএস ও বিজেপি। সম্প্রতি রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি নেতাদের বক্তব্যে স্পষ্ট যে তাঁরা সংবিধান বদল করতে চায়। এর মাধ্যমে দেশের গণতন্ত্র ধ্বংস করে দলিত পিছিয়ে পড়া সম্প্রদায়ের সংরক্ষণের অধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি।








