
তিথি অনুযায়ী একাদশী পড়লেও, বিজয়া দশমীর সকাল থেকেই ভিড় মিষ্টির দোকানে। সরপুরিয়া, কাঁচাগোল্লা, জলভরার মত ট্র্যাডিশনাল মিষ্টির পাশাপাশি বাজার মাতাচ্ছে বিভিন্ন রকমের মিষ্টি, চকোলেট সন্দেশের মতো ফিউশন মিষ্টিও।
তবে সবকিছুকে টেক্কা দিয়েছে ঐতিহ্যের টান। কোনওটা কড়াপাক, কোনওটা বা নরম-দুধ, ক্ষীর, ছানা মিলেমিশে জিভে জল আনা স্বাদ হাজির হাতের নাগালে৷ বাঙালির বারোমাসে তেরো পার্বণ। আর প্রতি পার্বণে মিষ্টিমুখ অবশ্য পালনীয়৷ ষষ্ঠীর বোধন, অষ্টমীর অঞ্জলির মতো এও যেন এক চিরাচরিত রীতি। দশমীর সকাল থেকেই তাই ভিড় বাড়ে মিষ্টির দোকানে। দিলখুশ পারিজাত, মালাই রোল, সরপুরিয়া, কাঁচাগোল্লা, নারকেলের চন্দ্রপুলি তো আছেই৷ পাশাপাশি একসময় মা-ঠাকুমারা বাড়িতেই নারকেল দিয়ে বানাতেন ছাঁচের সন্দেশ। কিন্তু আজকের ব্যস্ত জীবনে সময় কই!
তবু হাজারো ব্যস্ততার ফাঁকে মন খোঁজে সেই ঐতিহ্যের ছোঁয়া৷ মিষ্টিতে যেমন বাহারি স্বাদ নিয়ে এসেছে উত্তর-কলকাতার মিষ্টির দোকানে।
ছবি সৌজন্যে : নিজস্ব
