
সন্ত্রাসবাদীদের নিয়ে যারা ঘুরে বেড়ায় তাদেরকে কে মারবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
সোমবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নজরদারি চালানো জন্য মুম্বই হামলার ষড়যন্ত্রী রাজারাম রেগেকে গ্রেফতার করেছে পুলিশ। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মঙ্গলবার দিলীপ ঘোষ বলেছেন, যারা সারা দেশের সন্ত্রাসবাদীকে জায়গা দিয়েছে, তাদেরই এই অবস্থা। সন্ত্রাসবাদীদের নিয়ে যারা ঘুরে বেড়ায়, আর তাদেরকে কে মারবে। নির্বাচনের আর কোনও ইস্যু নেই। এখন প্রাণের ভয়, তাই পুলিশকে ফিট করেছে। এসব সহানুভূতির ভোট চলে গিয়েছে।পা ভেঙেছে, মাথা ফেটেছে। এখন বলছেন, তাঁকে মারছে। এরপর দুর্গাপুরের আশিস মার্কেটে বিজেপি নেতা, কর্মীদের সঙ্গে চায়ে পে চর্চা’য় যোগ দেন দিলীপ ঘোষ। তারপর ফের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে দিলীপ ঘোষ বলেছেন, ইডি, সিবিআই নেতাদের বাড়ি থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছে, তাতে তাঁর খুব কষ্ট। মানুষ তাঁকে মানে না, তাই রাস্তায় স্লোগান শুনতে হচ্ছে।এই জীবন রেখে কী লাভ।
