
সন্দেশখালিতে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে মারধরের ঘটনায় ৪ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগে তৃণমূল বিধায়কের সামনেই রবিবার তৃণমূলের নেতা-কর্মীদের মারধর করা হয়।
রবিবার নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখালিতে। ডাকাতির ঘটনায় বিজেপি কর্মীর গ্রেফতারির বিরুদ্ধে প্রথমে থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। এর পর, থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি বাড়িতে চড়াও হন বিজেপি-র মহিলা কর্মীরা। ওই বাড়িতে সেই সময় বৈঠক করছিলেন তৃণমূল নেতা দিলীপ মল্লিক এবং বিধায়ক সুকুমার বিধায়ক। সেখানে কার্যত পণবন্দি করে রাখা হয় তাঁদের। এর পর ওই বাড়ি থেকে তাতান গায়েন নামের স্থানীয় তৃণমূল নেতাকে টেনে বের করে আনেন বিজেপি-র মহিলা কর্মীরা। তাঁকে মাটিতে ফেলে লাঠি, গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করা হয়। দিলীপের গায়েও হাত তোলা হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ এবং রাফ নামাতে হয়। বিষয়টি নিয়ে রাতে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেন দিলীপ। অভিযোগ পেয়ে রাতেই তদন্ত শুরু হয়। রাতভর তল্লাশি চালিয়ে চার বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে, যাঁদের মধ্যে রয়েছে একজন মহিলাও।
