
স্কুলে সপ্তম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে মালদার মানিকচকে। অভিযুক্ত স্কুলেরই এক চতুর্থ শ্রেণির কর্মী।
জানা গিয়েছে, ক্লাস চলাকালীন ওই ছাত্রীকে স্কুলেরই চতুর্থ শ্রেণির কর্মী আয়রন ট্যাবলেট বিভিন্ন ক্লাসে দেওয়ার নামে ডেকে নিয়ে যায়। এরপর নাবালিকাকে জোরপূর্বক যৌন হেনস্তা করে অভিযুক্ত। বেশ কিছুক্ষণ পর কোনওভাবে সেখান থেকে পালিয়ে যায় নাবালিকা। তবে অভিযুক্ত হুমকি দেওয়ায় স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে পারেনি সে। তবে স্কুল ছুটি হওয়ার পর বাড়িতে ফিরে অভিভাবকদের সে বিষয়টি জানায়। ঘটনায় মানিকচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি স্কুল কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। এদিকে থানায় অভিযোগ দায়ের করার পর থেকে অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ।
