
প্রত্যেক বিধায়ককে ভোটে জিতে আবার বিধানসভায় ফিরে আসতে হবে। ছাব্বিশের আগে বিধানসভায় গিয়ে দলীয় বিধায়কদের বুস্ট আপ সুকান্ত মজুমদারের। রাজ্যের বিরোধী দলনেতার আহ্বানে বিধানসভার বিশেষ বৈঠকে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
সেখানেই বিজেপি বিধায়কদের অল আউট ঝাঁপানোর বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার। বৈঠকের শুরুতেই কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়-র উদাহরণ টেনে লড়াইয়ের বার্তা দিয়েছেন। বিজেপির সব বিধায়ককে অভিনন্দন জানিয়ে সুকান্ত মজুমদার বলেছেন সৌমেন রায় তৃণমূলে গিয়েও আবার ফিরে এসেছেন। বিধায়কদের উদ্দেশে তিনি বলেছেন অনেকেই নানা প্রলোভন, চাপ, হুমকির মুখে পড়েও দল ছাড়েননি। এঁরাই দলের প্রকৃত সৈনিক। এই সাহসের জন্যই সংগঠন টিকে আছে। ২০২১-এ ভোটে বিজেপির টিকিটে জিতে সৌমেন রায় কিছুদিন পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। পরে ফের বিজেপিতে ফেরেন।
সেই প্রসঙ্গ টেনেই লড়াইয়ের বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার। একুশের ভোটে ৭৭ আসনে জেতার পর বিজেপির বিধায়ক সংখ্যা ৬৫ তে ঠেকেছে। এই অবস্থায় সবাইকে ছাব্বিশের নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন তিনি।
