
সরকারি চাকরির ক্ষেত্রে স্থায়ী কর্মী নিয়োগ না করতে পারা নিয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন, মূলত দুটি কারণে পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছুদিন যাবৎ সরকারি ক্ষেত্রে স্থায়ী কর্মী নিয়োগ করতে পারছে না।
কারণগুলির মধ্যে তিনি উল্লেখ করেছেন, রাজ্যের কোষাগারের করুণ পরিস্থিতি ও সঠিক পদ্ধতিতে স্বচ্ছভাবে চাকরির নিয়োগে বাধা। পাশাপাশি তফশিলি জাতি ও উপজাতি এবং আর্থিকভাবে অনগ্রসর শ্রেণির মানুষদের সঠিকভাবে শংসাপত্র না দিতে পারা। চিঠিতে মুখ্যসচিবকে উদ্দেশ্য করে শুভেন্দু লিখেছেন, রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের অনুমোদন যুক্ত পদ গুলোতে স্থায়ী, চুক্তিভিত্তিক-সহ বিভিন্ন নিয়োগ স্বচ্ছভাবে নিশ্চিতকরণ করতে হবে। সেখানে যেন কোনোরকমের জালিয়াতি চক্র কাজ না করতে পারে। পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগের নিয়োগ নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন শুভেন্দু।
