
তৃণমূল নেতার বাড়িতে শালিসি সভায় আগ্নেয়াস্ত্র হাতে দাদাগিরি পঞ্চায়েত সচিবের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হবিবপুরের বুলবুলচণ্ডী গ্রামে।
জানা গিয়েছে, বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েত দফতরের অস্থায়ী মহিলা কর্মীর সঙ্গে পরকীয়ার অভিযোগ ওঠে গ্রাম পঞ্চায়েত সচিবের। তা নিয়ে তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ হয়, সেই বিবাদের মীমাংসা করতে শালিসি সভা বসে তৃণমূল নেতার বাড়িতে। আর সেই সালিশি সভায় পঞ্চায়েত সচিবের দাদাগিরি আগ্নেয়াস্ত্র হাতে। সিসিটিভি ক্যামেরায় ধরা পরল সেই ছবি। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রাজিব মণ্ডলের, একটি গাড়ি এবং বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা ও তৃণমূল কংগ্রেস নেতা রাজিব মণ্ডলের অভিযোগ, প্রেম গঠিত একটি বিষয় নিয়ে মীমাংসা ডাকা হয়েছিল তার বাড়িতে। কিন্তু কোন সালিসি সভা বসেনি। মীমাংসা শেষ হবার পর হঠাৎই স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য পীযুষ মণ্ডলের নেতৃত্বে দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালায়। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতির সদস্য পীযূষ মণ্ডল।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হবিবপুর থানার পুলিশ। এই ঘটনা নিয়ন্ত্রণ আনতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।
