
সিআইএসএফ-র গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যুর ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে দুর্গাপুরে। এরপরই কার্যত রাস্তা অবরোধ করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
পুলিশ সূত্রে খবর মৃত যুবক বছর ঊনিশের মঙ্গল হেমরম। স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যেবেলা মঙ্গল হেমরম রাস্তা পারাপারের সময় হঠাৎই রং রুটে আসা সিআইএসএফ-র একটি বাস তাঁকে সজোরে ধাক্কা মারে। তড়িঘড়ি আশংকাজনক অবস্থায় মঙ্গল হেমরম-কে স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই উত্তেজনা বাড়তে থাকে। গান্ধী মোড় থেকে মায়াবাজার যাওয়ার মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। প্রায় দু’ঘণ্টা অবরোধ চলে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।
