সিবিআই দফতরে পার্থ ‘এজেন্ট’ সন্তু

0
276
Parth Agent Santu in CBI office
Parth Agent Santu in CBI office

পার্থ চট্টোপাধ্যায়ের এলাকা বেহালারই বাসিন্দা সন্তু গঙ্গোপাধ্যায়কে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।তৃণমূলের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন,সন্তু গঙ্গোপাধ্যায়।

খবর, সন্তু গঙ্গোপাধ্যায় এলাকায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত।আবার তদন্তকারী সংস্থার দাবি, বেহালাবাসী সন্তুর সঙ্গে হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ, নিয়োগ মামলায় জড়িত ব্যবসায়ী অয়ন শীল এমনকি, কালীঘাটের কাকুরও যোগাযোগ ছিল। উল্লেখ্য এর আগেও নিয়োগ মামলার তদন্তে সন্তু গঙ্গোপাধ্যায়ের নাম প্রকাশ্যে এসেছে। তাঁর বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে। তবে এই প্রথম সিবিআই ডেকে পাঠাল তাঁকে। শুধু তা-ই নয় সন্তু গঙ্গোপাধ্যায়কে জেরা করার ২৪ ঘণ্টা আগে সিবিআই অয়ন শীলকেও জেরা করতে চেয়ে আবেদন করেছিল আদালতে।নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির কাছে সন্তু গঙ্গোপাধ্যায়ের কথা প্রথম বলেছিলেন হুগলির ব্যবসায়ী অয়ন শীলই। যাঁর বিরুদ্ধে টেট দুর্নীতির পাশাপাশি পুরনিয়োগ দুর্নীতিরও অভিযোগ রয়েছে।অয়নের বিরুদ্ধে এই সমস্ত নিয়োগের পরীক্ষার কর্তৃপক্ষকে প্রভাবিত করে বেআইনি ভাবে পরীক্ষার্থীদের ওএমআর শিট বদলানোর অভিযোগ করেছিল ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে, অয়ন শীলকে তাঁর বিভিন্ন দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন,তিনি এই সন্তু গঙ্গোপাধ্যায়কে ২৬ কোটি টাকা দিয়েছিলেন। আর তা দিয়েছিলেন কুন্তল ঘোষের কথায়।এই ২৬ কোটি টাকা অয়ন শীলের কাছ থেকে নিয়ে সন্তু গঙ্গোপাধ্যায় নিজের কাছেই রেখেছিলেন,না কি পৌঁছে দিয়েছিলেন অন্যত্র,সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজছিলেন তদন্তকারীরা। এর আগে বাড়িতে তল্লাশি চালিয়েও কিছু না পাওয়ায় সাময়িক থমকেছিল এই বিষয়ে তদন্ত। এ বার সেই সন্তু গঙ্গোপাধ্যায়কেই আবার সিবিআই ডেকে পাঠানোয় নতুন করে শুরু হয়েছে জল্পনা।