
দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের লিচুবাগান এলাকার ছ’টি বুথে সিসি ক্যামেরা না থাকার অভিযোগ তুলেছেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী।
তাঁর অভিযোগ, সিসি ক্যামেরা না থাকা সত্ত্বেও সোমবার ভোটগ্রহণ হয়েছে ওই বুথগুলিতে। সাংবাদিক বৈঠকে রথীন বলেছেন, পঞ্চম দফার ভোটে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের মৌলানা জহর স্কুল ও লিচুবাগান প্রাইমারি স্কুলের ১৫১, ১৫২, ১৫৩, ১৫৫, ১৫৬, ১৫৭— মোট ছ’টি বুথে সিসি ক্যামেরা ছাড়াই চলে ভোটগ্রহণ পর্ব। তাঁর আরও অভিযোগ, সোমবার সকাল থেকে একাধিক বার হাওড়া জেলা নির্বাচন আধিকারিককে ফোন করে, হোয়াট্সঅ্যাপে, এমনকি ইমেল মারফত অভিযোগ জানানো হলেও কোনও রকম পদক্ষেপ করা হয়নি। তাঁর দাবি, দিনের শেষে এই সব ক’টি বুথে প্রায় ৯০ শতাংশ ভোট পড়েছে। সে ক্ষেত্রে তিনি মনে করছেন, ওই সমস্ত বুথে অসাংবিধানিক কার্যকলাপ হয়েছে।
