
রাজ্যপাল সিভি আনন্দ বোস তড়িঘড়ি দিল্লি গিয়েছেন।বৃহস্পতিবার বিকেলেই রাজধানীর উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। এর আগে বৃহস্পতিবার তাঁর সঙ্গে দেখা করতে রাজভবনে গিয়ে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ।
তাঁদের সঙ্গে সাক্ষাতের পরেই রাজ্যপাল দিল্লি যাবেন বলে খবর।রাজভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপালকে ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।সেই তলবেই তড়িঘড়ি দিল্লি যাচ্ছেন তিনি।বাংলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে অমিত শাহের আলোচনা হতে পারে।উল্লেখ্য আরজি করে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামের একটি সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছিল।সেই কর্মসূচিকে সমর্থন করেছিল বিজেপি।তার পরে তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ করেছিলেন বিজেপিকে।তাঁর কিছু মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ওই মন্তব্যের প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিও জানিয়েছিলেন তিনি।রাজভবন থেকে বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন,রাজ্যের সর্বোচ্চ পদে থেকে কেউ এই ধরনের মন্তব্য করতে পারেন বলে তাঁর মনে হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কথা বাংলাদেশের জামাতের মিল পাওয়া যাচ্ছে। অসম, ওড়িশার মতো রাজ্যের বিরুদ্ধেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী।রাজ্য বিজেপি সে বিষয়ে উদ্বেগের কথা রাজ্যপালকে জানিয়েছে।
