
পানাগড়কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত বাবলু যাদবকে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর সেই দিনই গাড়িচালক দাবি করেছেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের কথাতে সেদিন ১০০ কিমি বেগে গাড়ি চালিয়েছিলেন।
তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যায়। এর আগে পুলিশও সিসিটিভি ফুটেজ দেখিয়ে দাবি করেছিলেন বাবলু যাদবদের গাড়ির পিছনে ধাওয়া করেছিল সুতন্দ্রাদের গাড়ি। কোনও ইভটিজিং নয়, রেষারেষির জেরেই পানাগড়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার বছর ২৭-র সুতন্দ্রার। যদিও সুতন্দ্রার পরিবার ইভটিজিংয়ের তত্ত্বেই অনড় রয়েছেন। শুক্রবার সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মা বলেছেন রবিবার রাতে ওই সাদা গাড়িটা তাঁদের গাড়িতে প্রথমে ধাক্কা দিয়েছিলো। তখন ম্যাডামই ওই গাড়িটার পিছনে ধাওয়া করতে বলেন। সাদা গাড়িটাকে দাঁড় করাতে বলেছিল। ম্যাডামের কথাতেই তিনি লোকাল রোডে গাড়ি নামান। তখন গাড়ির গতিবেগ ছিল ১০০ কিমি। কিন্তু টয়লেটে ধাক্কা লেগে গাড়িটা উল্টে যায়। এদিকে লুকিয়ে থাকার ৪ দিনের মাথায় বৃহস্পতিবার ধরা পড়েছিলেন অভিযুক্ত বাবলু যাদব।
শুক্রবার তাঁকে আদালতে তোলার সময় বাবলু জানিয়েছিলেন ভয় পেয়ে এতদিন লুকিয়েছিলেন। বিচারক বাবলু যাদবকে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।






