সুদ সহ বেতন ফেরতের নির্দেশে উদ্বেগে চাকরিহারারা 

0
210
Jobless worried over orders to refund salary with interest
Jobless worried over orders to refund salary with interest
১২ শতাংশ সুদ সহ চার সপ্তাহের মধ্যে বেতন ফেরতের নির্দেশ দেওয়ার পর এখন ভয়ঙ্কর চাপের মুখে পড়েছেন চাকরি বাতিল হওয়া ২৫ হাজার ৭৫৩ জন। এসএসসির প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের সুদ সহ বেতন ফেরত দিতে বলেছে আদালত।
আর এরপরই চরম উৎকণ্ঠা র মধ্যে পড়েছেন সদ্য চাকরিহারা শিক্ষক সহ শিক্ষাকর্মীরা। প্রশ্ন উঠতে শুরু করেছে ২০১৬-র এসএসসিতে যারা চাকরি পেয়েছেন, তাঁদের সবারই চাকরির প্রায় ৮ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। আর এত লম্বা সময় ধরে পাওয়া মোটা অঙ্কের বেতন এবং ১২ শতাংশ হারে সুদ সহ এক একজনকে চার সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে লক্ষাধিক টাকা। যা আদতে কতটা সম্ভবপর হবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, চার সপ্তাহের মধ্যে ওই চাকরিপ্রাপকদের বেতন ফেরত দিতে হবে। দিতে হবে  ১২ শতাংশ হারে সুদও।  এ বিষয়ে হাই কোর্টের বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, জনগণের টাকায় বেতন পেয়েছেন ওই চাকরিপ্রাপকেরা। তাই বেতন তাঁদের ফিরিয়ে দিতে হবে। সেই সঙ্গে সুদও দিতে হবে। বেতনের পুরো টাকা তাঁরা ফিরিয়েছেন কি না, তা আদালতে জানাতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের।