
যাদবপুর প্রচার চলাকালীন ফের তৃণমূলের বাধার মুখে পড়েছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। ঘটনার জেরে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়।
জানা গিয়েছে মঙ্গলবার সকালে কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ড-র পঞ্চসায়র থানা এলাকায় শহিদ স্মৃতি কলোনিতে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর রোড শো দফায় দফায় আটকানোর চেষ্টা হয় তৃণমূলের তরফে। সৃজনের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি, ছিঁড়ে দেওয়া হয় পতাকা, ফ্লেক্স। সিপিএম প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। পাল্টা স্লোগান-শাউটিং করতে থাকেন বাম কর্মী-সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে দীর্ঘক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এদিকে সোমবার রাতে নাকতলায়ও ছেঁড়া হয়েছে সৃজনের পোস্টার। সৃজনের কথায়, এভাবে বামেদের আটকাতে পারবে না তৃণমূল। যাদবপুরে এবার তাঁরাই জিতবেন বলে দাবি করেন সৃজন। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
