
সোমবার হাইকোর্টে আর জি কর-কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে সিবিআই ও রাজ্য সরকারের জোড়া আবেদনের শুনানি রয়েছে।
বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত রাজ্যের আবেদনও সোমবার শুনবে। শুনানিতে উপস্থিত থাকবেন আর জি করের নিহত চিকিৎসকের মা এবং বাবা। পাশাপাশি থাকবেন দোষী সঞ্জয় রায়ের আইনজীবীও। একইসঙ্গে থাকবেন সিবিআই ও রাজ্যের তরফে আইনজীবীরাও। বস্তুত এর আগে শিয়ালদহ কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য প্রশাসন। পাশাপাশি একইভাবে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে সিবিআইও।
অতএব সোমবার দু’পক্ষেরই সওয়াল জবাব শুনবেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত এর আগে সিবিআইয়ের ভূমিকা ও তদন্ত প্রক্রিয়া নিয়ে বারংবার প্রশ্ন তুলেছিল নির্যাতিতার বাবা-মা। একইসঙ্গে সঞ্জয়ের ফাঁসির অতি তৎপরতা নিয়েও রাজ্যকে কার্যত তুলোধনা করেছিলেন তাঁরা।







