
ব্রিটেনের স্কটল্যান্ডে জলপ্রপাতে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ভারতীয় পড়ুয়ার।দুজনেই স্কটল্যান্ডের দুন্দি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া।
জানা গিয়েছে, ব্লেয়ার অ্যাটহোলের তুমেল জলপ্রপাতে বেড়াতে যান ২৬ বছরের জিতেন্দ্রনাথ কারুতুরি এবং ২২ বছরের চাণক্য বলিসেট্টি। দুন্দি বিশ্ববিদ্যালয়ে জিতেন্দ্রনাথ কারুতুরি ছিলেন ডেটা সায়েন্সের মাস্টার ডিগ্রির ছাত্র, চাণক্য বলিসেট্টি ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন। ঘটনার দিন আরও এক বন্ধুর সঙ্গে তুমেল জলপ্রপাতে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে বিপদ ঘটে। পা পিছলে জলে পড়ে যান জিতেন্দ্রনাথ কারুতুরি এবং চাণক্য বলিসেট্টি। জলে ডুবে মৃত্যু হয় উভয়ের।স্কটল্যান্ড পুলিশের মুখপাত্র জানিয়েছেন, তাদের কাছে খবর আসে দুই ব্যক্তি ব্লেয়ার অ্যাটহোলের তুমেল জলপ্রপাতে পড়ে গিয়েছেন। আপাতকালীন পরিষেবা কর্মীরা দুজনের দেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিছক দুর্ঘটনাই কি না খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের তরফে এক বিবৃতিতে দুই ছাত্রের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে।
