
কলকাতা মেডিক্যাল কলেজে স্ত্রী-র মাথায় হাতুড়ি দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ স্বামীর বান্ধবীর বিরুদ্ধে।
এই ঘটনায় শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। রক্তাক্ত অবস্থায় বছর ২৮ এর প্রিয়াঙ্কা মজুমদারকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে প্রিয়াঙ্কার স্বামী সৌরভ বৈদ্য এবং তার বান্ধবী পায়েল চক্রবতীকে। পায়েলের স্বামী আগেই মারা গিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সূত্রে খবর সৌরভ খড়দহের বাসিন্দা। তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন পায়েল। অনেক দিন ধরেই সৌরভ ও পায়েলের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন প্রিয়াঙ্কা। একটি সূত্র মারফত তাঁদের সোমবার দেখা করার কথা জানতে পেরে গিয়েছিলেন তিনি। এরপরই তাঁদের একসঙ্গে পাকড়াও করার পরিকল্পনা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতালের মধ্যেই তিনজনের মধ্যে ঝামেলার মাঝেই প্রিয়াঙ্কার মাথায় হাতুড়ির বারি দেন পায়েল। পায়েল কোথা থেকে হাতুড়ি পেয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ।
