
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাতে কলকাতা মেডিক্যাল কলেজের সিসিইউতে ভর্তি করানো হয়েছে জুনিয়র ডাক্তার অনুষ্টুপ মুখোপাধ্যায়কে।
শনিবার সন্ধ্যা থেকেই পেটে যন্ত্রণা শুরু হয় তাঁর। তার পরই অনুষ্টুপের শারীরিক পরীক্ষা করা হয়। দেওয়া হয় ওযুধও। কিন্তু তাতে তাঁর পেটে যন্ত্রণা না কমলে তখনই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাত ১১টা নাগাদ গ্রিন করিডোর করে অনুষ্টুপকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা অনুষ্টুপের স্বাস্থ্যপরীক্ষা করার পর তাঁকে সিসিইউতে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন। অনুষ্টুপের চিকিৎসার জন্য ৮ জন চিকিৎসকের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। সেই দলে থাকা চিকিৎসক সৌমিত্র ঘোষ জানান, অনুষ্টুপের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও সঙ্কটমুক্ত নয়। তাঁকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এদিকে, আপাতত স্থিতিশীল রয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অনশনকারী জুনিয়র ডাক্তার অলোক বর্মা। রবিবার এমনটাই জানা গিয়েছে মেডিক্যাল কলেজ সূত্রে। সাত দিন ধরে অনশনে থাকার পর শনিবার অসুস্থ হয়ে পড়েছিলেন অলোক।
ছবি সৌজন্যে : নিজস্ব









