
তীব্র তাপপ্রবাহের পাশাপাশি ভ্যাপসা গরম কাটিয়ে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। শুক্রবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায়।
কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক ভাবে কম হলেও প্রবল বৃষ্টি হয়েছে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরেও। কলকাতার বেশ কিছু জায়গায় সকাল থেকে থেকে থেকে বৃষ্টি হয়েছে । হাওয়া অফিস জানিয়েছে , আপাতত রবিবার পর্যন্ত সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত চলবে। শনিবার ভারী বৃষ্টিতে ভিজতে পারে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া , ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি শনিবার উত্তরবঙ্গের পাঁচ জেলা- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আপাতত টানা বৃষ্টিপাত চলবে বলেই জানা গিয়েছে । বজ্রবিদ্যুৎ -সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় । সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০-৪০ কিলোমিটার বেগে।
