
মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন, তেমনটাই প্রচলিত, কাকতালীয়ভাবে সেই মঙ্গলবারই স্বাস্থ্যভবন সাফাইয়ের ডাক দিয়ে অভিযানে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। হাতে ঝাঁটা নিয়ে বলছেন স্বাস্থ্যভবনে ঘুঘুর বাসা সাফাই করবেন।
শিরদাঁড়ার পর এবার আন্দোলনকারী চিকিৎসকদের হাতিয়ার মগজাস্ত্র। প্রতীকী ব্রেন নিয়ে মিছিল সামিল হয়েছেন আর জি করের আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য স্বাস্থ্যভবনের কর্তাদের সুবুদ্ধি ফিরুক। ব্যানারে লেখা হয়েছে স্বাস্থ্যে সিন্ডিকেট রাজের ঘুঘুর বাসা গুঁড়িয়ে দাও। প্ল্যাকার্ডে লেখা হয়েছে উৎসবে ফিরছি না। স্লোগান উঠেছে ধর্ষকদের শাস্তি দাও, নইলে শাসক বিদায় নয়। সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তো ছিলই। এবার স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমেরও পদত্যাগের দাবি তুলেছেন। স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তারও ইস্তফার দাবি তুলেছেন আন্দোলনকারীরা। তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে যাঁরা জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবি উঠেছে। হাসপাতালে ও ক্যাম্পাসে রাজনীতি বন্ধ করতে হবে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন তাঁদের দাবি না মানলে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান চলবে। মিছিলে সিনিয়র ডাক্তারদের সঙ্গে যোগ দিয়েছেন বহু সাধারণ মানুষও।
