
এক স্বেচ্ছাসেবী সংগঠনের স্কুলে হামলা চালানোর অভিযোগ উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়খালি পঞ্চায়েতের উপপ্রধান-সহ তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝড়খালি উপকূল থানার পার্বতীপুর এলাকায়।
অভিযোগ, ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার সহ মহিলা সদস্যদের শ্লীলতাহানি করে বেধড়ক মারধর করা হয়। তখন সবাই স্কুলে ঘুমাচ্ছিলেন। সেই সময় উপপ্রধান দিলীপ মণ্ডলের নেতৃত্বে দলবল চড়াও হয়। স্কুলের আসবাব পত্র ভাঙচুর করা হয়। সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়। ভিডিও থেকে ছবি ডিলিট করে দেওয়া হয়। বৃদ্ধ মহিলারাও মারধরের হাত থেকে রক্ষা পায়নি। ঘটনায় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার অমৃতা বোস গুপ্ত সহ দুই মহিলা সদস্য কোনো ক্রমে ওই জায়গা থেকে পালিয়ে এসে রাতে বারুইপুর পুলিশ সুপারের অফিসে অভিযোগ জানান। উপপ্রধান-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পুলিশ।
