
বুলডোজার চালিয়ে হকার উচ্ছেদ হলেও ফুটপাথ দখল করে থাকা তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস ভাঙল না বর্ধমান পুরসভা। বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন হকাররা।
দোকান ভাঙায় পুরসভার চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন হকাররা। দোকান সরিয়ে নেওয়ার জন্য এক মাসের নোটিস দিয়েছিল প্রশাসন। তা পেরোতেই বৃহস্পতিবার অভিযান শুরু করে পুরসভা। অভিযানের সময় ছিলেন পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার, সদর মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস সহ পুলিশ ও পুরসভার আধিকারিকরা। অভিযানকে ঘিরে উত্তেজনা ছড়ায় নার্স কোয়ার্টার মোড়, শ্যামলাল, বাবুরবাগ সহ একাধিক জায়গায়। অন্যদিকে মুকুন্দপুরে জলাভূমির ওপর বেআইনি বহুতল ভাঙল প্রশাসন। জলাভমি ভরাট করে কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে বেআইনি বহুতল তৈরি হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার সোনারপুরের বিডিও, নরেন্দ্রপুর থানার আইসি সহ বিশাল পুলিশবাহনীর উপস্থিতিতে নির্মীয়মাণ বহুতলটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
